খুলনা মহানগরীর করিমনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে মনি খান নামে এক বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে করিমনগর মসজিদ লেনের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
মনি খান স্থানীয় হোসাইন রশিদ খানের স্ত্রী। তিনি করিমনগর মসজিদ লেনের আজাদুল হকের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার পরিবারের সদস্যরা তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মনি খানকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে



