জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভায় অধস্তন আদালতের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের দাবি নিয়ে আলোচনা না হওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। রোববার সংগঠনের সভাপতি মো. রেজোয়ান খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মো. সালাউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়।
সংগঠনটি তাদের বিজ্ঞপ্তিতে সহায়ক কর্মচারীদের জন্য জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং বর্তমান স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের প্রথম সভায় শুধু বিচারকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়। অথচ দেশের বিচারব্যবস্থা সচল রাখতে প্রায় ২০ হাজার সহায়ক কর্মচারীর অবদান গুরুত্বপূর্ণ, যা সভায় উপেক্ষিত হয়েছে।
এ বিষয়ে সভাপতি মো. রেজোয়ান খন্দকার বলেন, “স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠার রোডম্যাপে সহায়ক কর্মচারীদের দাবি উপেক্ষিত। বিচার বিভাগের মর্যাদা রক্ষায় বৈষম্যহীন কাঠামো জরুরি।”
সাধারণ সম্পাদক কাজী মো. সালাউদ্দিন বলেন, “আইন মন্ত্রণালয় সংস্কার কার্যক্রম চালালেও সহায়ক কর্মচারীদের দাবি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ৯ অক্টোবরের সভায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয় এবং ২০২৫ সালের পে-কমিশনের প্রতিবেদনে কর্মচারীরা আবারও উপেক্ষিত হন, তবে লাগাতার শাটডাউনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”



