দেশে অবৈধ পুশইন প্রতিরোধে স্থলসীমান্তের পাশাপাশি জলসীমাতেও কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্টগার্ড। আধুনিক ড্রোন ও উন্নত সার্ভিল্যান্স প্রযুক্তির ব্যবহারের ফলে পুশইনের অপচেষ্টা সফল হচ্ছে না বলে জানিয়েছে বাহিনীটি।
শুক্রবার (১২ জুন) বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।
তিনি বলেন, দেশের সমুদ্রসীমা, উপকূলীয় এলাকা ও নদীতীরবর্তী সীমান্ত অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ এবং অপরাধ দমনে কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে সাতক্ষীরার মান্দারবাড়ি এলাকা দিয়ে অতীতে পুশইনের ঘটনা ঘটায় সেখানে নজরদারি আরও জোরদার করা হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, আধুনিক ড্রোন প্রযুক্তি এবং বিশেষ ও যৌথ অভিযানের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সম্প্রতি বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতের পুশইন চেষ্টাকে কেন্দ্র করে উদ্বেগ দেখা দিলেও বিজিবির পাশাপাশি কোস্টগার্ডও জলসীমায় সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
সুন্দরবনের নিরাপত্তা প্রসঙ্গে ক্যাপ্টেন মেসবাউল বলেন, ইলিশ আহরণ ও মধু সংগ্রহ মৌসুমে বনদস্যুদের তৎপরতা সাধারণত বেড়ে যায়। এ সময় বিপুলসংখ্যক জেলে, মৌয়াল ও বনজীবী সুন্দরবনে প্রবেশ করায় অপহরণ, চাঁদাবাজি ও মুক্তিপণ আদায়ের ঝুঁকি বৃদ্ধি পায়। তবে বর্তমানে সরকারের তিন মাসের নিষেধাজ্ঞা কার্যকর থাকায় বনজীবীদের প্রবেশ সীমিত রয়েছে এবং অপহরণের ঘটনাও কমেছে।
তিনি বলেন, কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানের ফলে বনদস্যুদের চলাচল, অস্ত্র সংগ্রহ, অর্থের জোগান ও সংগঠন পরিচালনার সক্ষমতা আগের তুলনায় অনেকটাই কমে এসেছে। এরই ধারাবাহিকতায় গত ১৭ মে সুন্দরবনের কুখ্যাত ‘ছোট সুমন বাহিনীর’ প্রধান সুমন হাওলাদার ও তার সহযোগীরা কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারী দস্যুদের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, কর্মসংস্থানের অভাব, সামাজিক গ্রহণযোগ্যতার সংকট ও আর্থিক অনিশ্চয়তার কারণে অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে হিমশিম খান। ফলে কেউ কেউ পুনরায় অপরাধে জড়িয়ে পড়েন।
কোস্টগার্ডের তথ্যমতে, বর্তমানে সুন্দরবনে ছয় থেকে আটটি দস্যু বাহিনী সক্রিয় রয়েছে। প্রতিটি বাহিনীতে সাধারণত ৮ থেকে ১২ জন সদস্য থাকে। বড় বাহিনীগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে ছোট ছোট উপদল বা ‘ক্লোন’ বাহিনীও গড়ে ওঠে, যারা মূলত জেলে ও মৌয়ালদের লক্ষ্য করে অপরাধ সংঘটিত করে।
ক্যাপ্টেন মেসবাউল বলেন, সুন্দরবনের অসংখ্য সরু খাল ও ন্যারো চ্যানেল দস্যুদের আত্মগোপনের নিরাপদ স্থান হিসেবে ব্যবহৃত হয়। জোয়ার-ভাটার কারণে অনেক এলাকায় বড় নৌযান প্রবেশ করতে না পারলেও ড্রোন প্রযুক্তির মাধ্যমে এখন এসব দুর্গম এলাকাও নজরদারির আওতায় আনা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, অপহরণের ঘটনা সুন্দরবনের ভেতরে ঘটলেও মুক্তিপণের অর্থ অনেক সময় মংলা, বরগুনা, পাথরঘাটা কিংবা খুলনা শহরের বিভিন্ন স্থানে হাতবদল হয়। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো অর্থের গতিপথ অনুসরণ করে ইতোমধ্যে একাধিক সহযোগীকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। বনদস্যুদের পাশাপাশি স্থলভাগে থাকা সহযোগী চক্রের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে।
তার দাবি, এসব সহযোগী চক্রের মদদেই সম্প্রতি মোংলার জয়মনিঘোল এলাকায় কোস্টগার্ডের হারবারিয়া স্টেশনে হামলার ঘটনা ঘটে।
কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সুন্দরবনে পরিচালিত বিভিন্ন অভিযানে ৪২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি, ২৫০ রাউন্ড কার্তুজ, ৯৩ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৯৪ রাউন্ড এয়ারগানের গুলি, ককটেল, টেলিস্কোপ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৩৯ জন বনদস্যু ও জলদস্যুকে আটক এবং তাদের কবল থেকে ৪১ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে।



