tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজধানী১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৫ আগস্ট রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করবেন। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (৫ জুলাই) হাসপাতালটির দ্বিতীয় ইউনিট উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী হাসপাতালটি পরিদর্শন করলে এর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা করছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারের আলোকে দেশের স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করা হবে, যাতে উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে আর ঢাকায় ছুটে আসতে না হয়। তিনি জানান, প্রতিটি অঞ্চলে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে গ্রামের মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রী যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবেন, তা সফলভাবে বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত দুই মাস ধরে সরকার সমন্বিত প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি জেলায় জেলা প্রশাসক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সিটি করপোরেশনের প্রতিনিধিদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে পরিচ্ছন্নতা অভিযান, মশার লার্ভা ধ্বংসে ট্যাবলেট বিতরণ এবং উড়ন্ত মশা নিধনে স্প্রে কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে রয়েছে। রোগী ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত স্যালাইন মজুত, চিকিৎসকদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ভ্রাম্যমাণ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো রোগী চিকিৎসাসামগ্রী বা স্যালাইনের সংকটে না পড়েন।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত বলেন, স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে সরকার দেশের অন্তত চারটি পুরোনো বিভাগীয় শহরে নিউরোসায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে, যাতে নতুন প্রতিষ্ঠানগুলো কার্যকরভাবে পরিচালিত হতে পারে।

প্রস্তুতিমূলক সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খান খসরুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।