tanaka
প্রচ্ছদআন্তর্জাতিক‘নেতানিয়াহুকে বিশ্বাস করেন?’—জবাবে ট্রাম্প বললেন, কাউকেই বিশ্বাস করি না

‘নেতানিয়াহুকে বিশ্বাস করেন?’—জবাবে ট্রাম্প বললেন, কাউকেই বিশ্বাস করি না

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন কি না, এমন প্রশ্নের জবাবে কৌশলী অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনীতির জগতে কাউকেই বিশ্বাস করেন না বলে মন্তব্য করলেও নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্ককে ‘খুব ভালো’ বলে বর্ণনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডানপন্থী মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

নেতানিয়াহুর প্রতি নিজের আস্থার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে কাউকেই বিশ্বাস করি না।’

আগামী ২৭ অক্টোবর ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর পক্ষে প্রকাশ্যে সমর্থন জানাবেন কি না, সে বিষয়ে ট্রাম্পকে একাধিকবার প্রশ্ন করা হয়েছে। তবে এখনো এ বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত জানাননি তিনি।

দীর্ঘদিন ধরেই ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে নিজের নির্বাচনি প্রচারের গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরছেন নেতানিয়াহু। এবারও তার পুনর্নির্বাচনের প্রচারে ট্রাম্পকে সম্পৃক্ত করার বিষয়ে আগ্রহী ইসরাইলি কর্মকর্তারা। নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারেও বিষয়টি উঠে আসে।

ইসরাইলের নির্বাচনে নিজে সরাসরি যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তারা চায় আমি এতে যুক্ত হই।’

নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে বিশ্বাস করার বিষয়ে স্পষ্ট ইতিবাচক অবস্থান না জানালেও তার সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন ট্রাম্প। ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক সহযোগিতারও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের সামরিক অংশীদারত্বকে ‘অত্যন্ত সফল’ আখ্যা দিয়ে তিনি এর কার্যকারিতার ওপর গুরুত্বারোপ করেন।

ট্রাম্পের বক্তব্যে নেতানিয়াহুর সঙ্গে সুসম্পর্কের বিষয়টি স্পষ্ট হলেও আসন্ন ইসরাইলি নির্বাচনে তিনি সরাসরি নেতানিয়াহুর পক্ষে প্রচারে অংশ নেবেন কি না, তা এখনো অনিশ্চিত।