tanaka
প্রচ্ছদসারাদেশনাস্তার সময় গলায় ডিম আটকে কলেজছাত্রীর মৃত্যু

নাস্তার সময় গলায় ডিম আটকে কলেজছাত্রীর মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় সকালে নাস্তা খাওয়ার সময় গলায় ডিম আটকে হাবিবা খানম তিশা নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে পৌর এলাকার লক্ষ্মীপুর নেঙ্গীহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিশা ওই এলাকার হাসিরুল ইসলামের মেয়ে। তিনি চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তিশা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে নাস্তা করার সময় তার গলায় ডিমের একটি টুকরো আটকে যায়। এতে তিনি তীব্র শ্বাসকষ্টে পড়েন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে অটোরিকশায় করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হন। তবে পথিমধ্যে মুন্সিরহাট এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গলায় ডিম আটকে শ্বাসরোধ হয়ে ওই তরুণীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই মো. আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।