স্বৈরাচারের পতনের পর দেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদী দুঃশাসন ফিরে না আসে এবং ধর্মের নামে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে বিশিষ্ট আলেম ও ইসলামী ব্যক্তিত্বদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার ও মাওলানা মীর ইদরীস নদভি, প্রধানমন্ত্রীর কার্যালয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম, জাতীয় ইমাম খতিব কাউন্সিলের কো-অর্ডিনেটর মাওলানা ফয়সাল এবং খতমে নবুওয়াত বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ইসলামি পণ্ডিত ও আলেম-ওলামাদের অত্যন্ত সম্মান করতেন। ইসলামের প্রতি গভীর অনুরাগ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেন। পাশাপাশি রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস অন্তর্ভুক্ত করেন।
রাষ্ট্রপতি জানান, তিনি এখন সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি। তবে ইসলামী মূল্যবোধ ও শরিয়াহর প্রতি আঘাত আসে, এমন কোনো কর্মকাণ্ড যাতে কেউ না করেন, সে বিষয়ে তিনি সতর্ক দৃষ্টি রাখবেন।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা মধ্যপ্রাচ্যের ধনী ও উন্নত দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি অনুদান ও সহায়তা সংগ্রহে তাঁদের আরবি ভাষায় দক্ষতা এবং ব্যক্তিগত যোগাযোগ কাজে লাগানোর সুযোগ সৃষ্টির অনুরোধ জানান।
জবাবে রাষ্ট্রপতি তাঁদের প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেন। পাশাপাশি এ উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা এবং ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শনের আমন্ত্রণ জানায়।
রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে মাদ্রাসা দুটি পরিদর্শন এবং হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।



