সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেছেন, কোনো ধরনের উসকানি, গুজব বা অপপ্রচারের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং নিরাপত্তাব্যবস্থা তদারকির অংশ হিসেবে তিনি মণ্ডপটি পরিদর্শন করেন।
মহাপরিচালক বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপির সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। পূজা উদযাপন কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মণ্ডপকেন্দ্রিক যেকোনো বিশৃঙ্খলা ও সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে দ্রুত ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এবারের দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরার ব্যবহার বৃদ্ধি এবং ‘শারদীয় সুরক্ষা অ্যাপসের’ মাধ্যমে সমন্বিতভাবে তাৎক্ষণিক সাড়া দেওয়ার ব্যবস্থা নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর করেছে। ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত পূজামণ্ডপগুলোও আনসার-ভিডিপির নিজস্ব পর্যবেক্ষক দলের নজরদারির আওতায় রয়েছে।
নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার নির্দেশ দিয়ে মহাপরিচালক বলেন, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সেবামূলক কার্যক্রমেও আনসার-ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি জানান, পূজামণ্ডপে হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, বয়স্ক দর্শনার্থীদের সহযোগিতা, দর্শনার্থীদের চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং কিশোর গ্যাং ও নারী উত্ত্যক্তকারীদের অপতৎপরতা প্রতিরোধে বাহিনীর সদস্যরা কাজ করছেন।
দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।



