দেশের বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলোকে চিকিৎসাসেবায় কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব ভবন চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর অধীনে এনে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অব্যবহৃত ভবনগুলো দ্রুত চিহ্নিত করে সেগুলোকে চিকিৎসাসেবার আওতায় আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
তিনি আরও বলেন, শুধুমাত্র এলজিইডি-এরই ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সরকারি ও অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর এসব অব্যবহৃত স্থাপনাকে পর্যায়ক্রমে ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালুর কার্যক্রম দ্রুত শুরু করার জন্যও নির্দেশনা দিয়েছেন। সরকারের মূল লক্ষ্য হলো চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এমএ মুহিতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



