tanaka
প্রচ্ছদরাজনীতিদেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে সোলার প্যানেল, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে সোলার প্যানেল, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয় হিসেবে যশোর জেলা বিএনপির কার্যালয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। ৬ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এই সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ স্থাপনের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আশা করা হচ্ছে, আগামী গ্রীষ্মের আগেই এ খাত থেকে তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

তিনি বলেন, সৌরবিদ্যুৎ নিয়ে মানুষের আগ্রহ বাড়ায় সরকারও এ খাতে নীতিগত সহায়তা দিচ্ছে। এর ফলে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে যশোর জেলা বিএনপির কার্যালয়ে ৬ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। তাঁর জানা মতে, দেশের অন্য কোনো রাজনৈতিক কার্যালয়ে এখন পর্যন্ত এ ধরনের সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়নি।

এই উদ্যোগ দেখে অন্য রাজনৈতিক দলগুলোও নিজেদের কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনে আগ্রহী হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

কৃষি খাতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে সেচপাম্পগুলো সৌরবিদ্যুৎচালিত করা হবে। এতে ডিজেল ও প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমার পাশাপাশি কৃষকের উৎপাদন ব্যয়ও হ্রাস পাবে।

প্রতিমন্ত্রী আরও জানান, যশোর জেলা বিএনপির কার্যালয়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। কার্যালয়ের নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও রয়েছে। তাঁর ধারণা, তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে এ প্রকল্পের স্থাপনা ব্যয় উঠে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সদস্যসচিব রাজিদুর রহমান সাগরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।