স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোথাও দুর্নীতি বা দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুত করা হবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “যেখানে অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি। শুধু ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের কোনো সুযোগ দেওয়া হবে না।”
তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে আধুনিকায়ন করা হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবার মানও উন্নত করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “স্বাস্থ্যখাতে চলতি বছর থেকেই একটি বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে চাই। জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একের পর এক নতুন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আমাদের লক্ষ্য দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও আন্তর্জাতিক মানে উন্নীত করা।”
তিনি আরও বলেন, এবারের জাতীয় বাজেট একটি আদর্শভিত্তিক বাজেট এবং এর প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের জন্য সরকার কাজ করছে।
নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
এ সময় নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।



