tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনদশমীর সিঁদুর খেলায় আলোচনায় রাজ-শুভশ্রী ও যশ-নুসরাত

দশমীর সিঁদুর খেলায় আলোচনায় রাজ-শুভশ্রী ও যশ-নুসরাত

দুর্গাপূজার দশমীতে সিঁদুর খেলাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন টালিউডের দুই তারকা জুটি। একদিকে স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে সিঁদুর খেলায় অংশ নিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। অন্যদিকে, প্রতিমার সামনে নুসরাত জাহানের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছেন যশ দাশগুপ্ত। দুই জুটির এমন মুহূর্ত ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

সম্প্রতি মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রী অভিনীত ‘দেশু ৭’ সিনেমা। ছবিটির প্রচার ও অভিনয় ঘিরে দুই তারকার বিভিন্ন মুহূর্ত সামনে আসার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। এমনকি দেব-শুভশ্রীর ঘনিষ্ঠতা রাজ-শুভশ্রীর দাম্পত্য জীবনেও প্রভাব ফেলছে কি না, তা নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল।

তবে দুর্গাপূজার উৎসবের মধ্যেই রাজ ও শুভশ্রীর একসঙ্গে উপস্থিতি সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। দশমীর দিনও প্রতিবছরের মতো স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নেন শুভশ্রী। একসঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠেন তারা। তাদের এই মুহূর্ত দেখে অনুরাগীদের অনেকেই মনে করছেন, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিপরীতে নিজেদের স্বাভাবিক দাম্পত্যের ছবিই তুলে ধরেছেন এই তারকা দম্পতি।

অন্যদিকে, দশমীর আয়োজনে আলাদাভাবে নজর কেড়েছেন যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। প্রতিমার সামনে নুসরাতের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন যশ। তাদের এই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে।

প্রকাশ্যে নুসরাতের সিঁথিতে যশের সিঁদুর পরিয়ে দেওয়ার ঘটনাটি বিশেষভাবে আলোচনায় এসেছে। উৎসবের এই মুহূর্ত ঘিরে দুই তারকার সম্পর্ক নিয়েও নতুন করে চর্চা শুরু করেছেন নেটিজেনরা।