tanaka
প্রচ্ছদরাজধানীউত্তরায় কিশোর গ্যাং ‘দে লাড়া’র কথিত প্রধান পিচ্চি সানি গ্রেফতার

উত্তরায় কিশোর গ্যাং ‘দে লাড়া’র কথিত প্রধান পিচ্চি সানি গ্রেফতার

রাজধানীর উত্তরায় আলোচিত কিশোর গ্যাং ‘দে লাড়া’র কথিত প্রধান সাকিব হাসান সানি ওরফে পিচ্চি সানিকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে মাদক কারবার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে রাজধানীর একাধিক থানায় অন্তত সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের সূত্র অনুযায়ী, ওই এলাকায় একটি গোপন আস্তানায় অভিযান চালানোর সময় সানিকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। সানি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উত্তরা পূর্ব থানা শাখার সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে অস্ত্রসহ তাকে গ্রেফতার করেছিল র‍্যাব-১।

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে উত্তরার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলায় সানির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সে সময় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের সংগঠিত করে লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলায় অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া উত্তরায় বিস্তৃত কিশোর গ্যাং নেটওয়ার্ক ব্যবহার করে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে সানির বিরুদ্ধে। ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) নূর মোহাম্মদের ঘনিষ্ঠ সহযোগীদের একজন হিসেবেও তার নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয়ভাবে পরিচিত ‘দে লাড়া’ গ্রুপটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উত্তরার বিভিন্ন সেক্টরের পাশাপাশি উত্তরখান, দক্ষিণখান ও টঙ্গী এলাকায়ও গ্রুপটির তৎপরতার কথা জানা গেছে। বিশেষ করে উত্তরা ৮ নম্বর সেক্টর থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত রেলপথসংলগ্ন এলাকায় মাদক কেনাবেচায় গ্রুপটির সম্পৃক্ততার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

পুলিশ সূত্র আরও জানায়, চলতি বছরের ৩০ আগস্ট চার সহযোগীসহ উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন সানি। সে সময় তার কাছ থেকে নগদ ১০ লাখ টাকা ও একটি হোন্ডা সিভিক গাড়ি উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথি অনুযায়ী, সানির বিরুদ্ধে দক্ষিণখান থানায় চারটি, উত্তরা পূর্ব থানায় একটি এবং উত্তরা পশ্চিম থানায় দুটি মামলার তথ্য রয়েছে। ২০১৮ থেকে ২০২৬ সালের মধ্যে বিভিন্ন সময়ে এসব মামলা করা হয়।

সর্বশেষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর যুগান্তরকে বলেন, বুধবার রাতে বিএনএস সেন্টার এলাকা থেকে পিচ্চি সানিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উত্তরায় কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে পুলিশ সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।