কক্সবাজারের টেকনাফে মাদক পাচারের ঘটনা দেখে ফেলার জেরে একটি বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ ও হামলার অভিযোগ উঠেছে মান্নান বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় দুই চাচাতো ভাই আহত হয়েছে। তাদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকায় হাফেজ জয়নালের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিশুটির নাম আহমেদ নুর। সে ওই এলাকার রাজা মিয়ার ছেলে। হামলায় আহত অপরজন আরাফাত একই এলাকার মোস্তাকের ছেলে।
আহতদের চাচা হাফেজ জয়নাল জানান, বুধবার সন্ধ্যায় মোস্তাক হোয়াইক্যংয়ের মিনাবাজারসংলগ্ন সীমান্তের একটি খালে জাঁকিজাল দিয়ে মাছ ধরতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সীমান্ত পেরিয়ে আসার সময় মিনাবাজার এলাকার ইউসুফ আলীর দুই ছেলে মান্নান ডাকাত ও সালেহ ডাকাতকে মাদকের চালান নিয়ে আসতে দেখেন বলে অভিযোগ করেন তিনি। ভয়ে মোস্তাক দ্রুত বাড়িতে ফিরে আসেন।
জয়নালের দাবি, মোস্তাকের বাড়িতে ফেরার খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মান্নান ও সালেহর নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি তাঁদের বাড়িতে ঢুকে গুলি চালায় এবং হামলা করে। এ সময় আহমেদ নুরের পেটে গুলি লাগে। আরাফাত ছুরিকাঘাতে আহত হয়।
হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। পুলিশ ঘটনাস্থলে আসছে জানতে পেরে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায় বলে জানান হাফেজ জয়নাল।
পরে আহত দুইজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুলিবিদ্ধ আহমেদ নুরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আরাফাত বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মান্নান ও সালেহর দলের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাফিজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মিনাবাজারে হামলার ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



