সার সংকট ও ইউরিয়ার দাম বৃদ্ধির কারণে বাংলাদেশ খাদ্য উৎপাদনে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দাম বেড়ে যাওয়ায় দেশে সম্ভাব্য সার সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
ডব্লিউএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ প্রয়োজনীয় ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করে। বর্তমানে দেশে যে পরিমাণ ইউরিয়া মজুদ রয়েছে, তা দিয়ে অক্টোবর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হবে।
প্রতিবেদন অনুযায়ী, ইউরিয়ার দাম ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। পাশাপাশি গ্যাস সংকটের কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া কারখানার মধ্যে তিনটি উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা জানিয়েছে ডব্লিউএফপি।
এদিকে সৌদি আরবগামী দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। লোহিত সাগরে আরোপিত সামুদ্রিক অবরোধ লঙ্ঘনের অভিযোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) এ হামলা চালানোর কথা জানায় গোষ্ঠীটি।
হুথির আল-মাসিরাহ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের উদ্দেশে যাত্রা করা ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের দুটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। এতে ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করা হয়।



