tanaka
প্রচ্ছদজাতীয়জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

গ্যাস ও বিদ্যুৎ সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার জ্বালানি সংকট নিরসনে কাজ করছে। তবে এ সমস্যা সমাধানে কিছুটা সময় প্রয়োজন হবে।

শনিবার (২২ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘২০২৬-২৭ অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জ্বালানি সংকট নিয়ে অর্থমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যা এমন নয় যে রাতারাতি এর সমাধান করা যাবে। সরকার বিষয়গুলো সমাধানের চেষ্টা করছে এবং ধীরে ধীরে জ্বালানি সংকট কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব

অর্থনীতিতে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগ ছাড়া অর্থনীতিতে অর্থবহ কোনো অর্জন সম্ভব নয়। এজন্য দেশে একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, শুধু অর্থমন্ত্রী বা সরকারের একার পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কমিটি গঠন করেছে এবং এ জন্য একটি বিশেষায়িত ওয়েবসাইটও চালু করা হয়েছে বলে জানান তিনি।

কঠিন পরিস্থিতি মোকাবিলার দাবি

বিএনপি সরকারের বিভিন্ন সময়ের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে আমির খসরু বলেন, ক্ষমতায় আসার পর বিএনপি সরকার একাধিকবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং সেগুলো সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

সরকারি দপ্তরে হয়রানি কমানোর আহ্বান

সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সরকারি দপ্তরে অপ্রয়োজনীয় কাগজপত্রের ব্যবহার এবং অনৈতিক অর্থ লেনদেনের দাবি বন্ধের আহ্বান জানান।

তিনি বলেন, এসব কর্মকাণ্ডের কারণে নাগরিক ও ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় এবং নানা ধরনের হয়রানির মুখোমুখি হতে হয়। সরকারি সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করতে এ ধরনের অনিয়ম বন্ধ করা জরুরি।