tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকজ্বালানির দামে বড় ধাক্কা, পাকিস্তানে পেট্রোল ১ হাজার রুপি হওয়ার শঙ্কা

জ্বালানির দামে বড় ধাক্কা, পাকিস্তানে পেট্রোল ১ হাজার রুপি হওয়ার শঙ্কা

মধ্যপ্রাচ্যের সংঘাত ও আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে পাকিস্তানে পেট্রোলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে দেশটিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১ হাজার পাকিস্তানি রুপিতে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন দেশটির পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক।

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পাকিস্তানের অভ্যন্তরীণ বাজারেও পড়ছে। পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী বলেছেন, বৈশ্বিক অস্থিরতার কারণে দেশটিতে ইতোমধ্যে পেট্রোলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৩৮৯ দশমিক ১৪ পাকিস্তানি রুপিতে।

কখন বাড়ল পেট্রোলের দাম?

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকেই পাকিস্তানে পেট্রোলের দাম বাড়তে থাকে। ১ মার্চ প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ২৬৬ দশমিক ১৭ রুপি। ৭ মার্চ তা বেড়ে দাঁড়ায় ৩২১ দশমিক ১৭ রুপিতে।

এপ্রিলের শুরুতে দাম আরও বড় আকারে বাড়ে। ৩ এপ্রিল সরকার ৪ শতাংশের বেশি দাম বাড়ানোর পর প্রতি লিটার পেট্রোলের মূল্য ৪৫৮ দশমিক ৪১ রুপিতে পৌঁছায়।

পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমতে শুরু করলে পাকিস্তানেও পেট্রোলের মূল্য কমে আসে। ২০ জুন প্রতি লিটার পেট্রোলের দাম নেমে দাঁড়ায় ২৯৯ দশমিক ৫০ রুপিতে।

তবে এরপর আবার দাম বাড়তে থাকে। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৩৮৯ দশমিক ১৪ রুপি।

পাকিস্তানের অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি (ওজিআরএ) জানিয়েছে, সর্বশেষ মূল্য নির্ধারণের সময় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম, প্রিমিয়ামসহ বিভিন্ন সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

কেন বাড়ছে পেট্রোলের দাম?

পাকিস্তানের পেট্রোলের দাম আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এর অন্যতম কারণ দেশটির বিপুল পরিমাণ পরিশোধিত জ্বালানি আমদানিনির্ভরতা।

২০২৫-২৬ অর্থবছরে, অর্থাৎ জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত পাকিস্তান ৫৩ লাখ ৫০ হাজার টন মোটর স্পিরিট বা পেট্রোল আমদানি করেছে। একই সময়ে দেশটির স্থানীয় তেল শোধনাগারগুলো প্রায় ২৬ লাখ ৩০ হাজার টন পেট্রোল সরবরাহ করেছে।

অন্যদিকে, দেশটির তেল বিপণন কোম্পানিগুলো (ওএমসি) প্রায় ৭৬ লাখ ৮০ হাজার টন পেট্রোল বিক্রি করেছে। আমদানি করা পেট্রোলের পরিমাণ ওএমসিগুলোর মোট বিক্রির প্রায় ৬৯ দশমিক ৭ শতাংশ।

তবে সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায় থেকে সংগৃহীত এসব তথ্যকে দেশের মোট পেট্রোল সরবরাহের ১০০ শতাংশের সরাসরি বিভাজন হিসেবে দেখা উচিত নয়।

আমদানি খরচ থেকে পাম্পের দাম

পেট্রোলের পাম্প মূল্য শুধু আমদানি করা জ্বালানির খরচের ওপর নির্ভর করে না। এর সঙ্গে শুল্ক, পরিবহন ব্যয়, বিপণন কমিশন এবং বিভিন্ন ধরনের সরকারি কর ও লেভি যুক্ত হয়।

১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর মূল্য অনুযায়ী, শুল্কসহ পেট্রোলের আমদানি ও শোধনাগার পর্যায়ের দাম ছিল প্রতি লিটার ২৭৮ দশমিক ৫৮ পাকিস্তানি রুপি।

এর সঙ্গে অভ্যন্তরীণ পরিবহন সমন্বয় মার্জিন হিসেবে ৭ দশমিক ৭১ রুপি, তেল বিপণন কোম্পানির (ওএমসি) মার্জিন ৭ দশমিক ৮৭ রুপি এবং ডিলার কমিশন হিসেবে ৯ দশমিক ৯৮ রুপি যোগ হয়।

এ ছাড়া পেট্রোলিয়াম লেভি হিসেবে ৮০ রুপি এবং ক্লাইমেট সাপোর্ট লেভি হিসেবে আরও ৫ রুপি যুক্ত করা হয়। সব মিলিয়ে প্রতি লিটার পেট্রোলের চূড়ান্ত পাম্প মূল্য দাঁড়ায় ৩৮৯ দশমিক ১৪ পাকিস্তানি রুপি।

পাকিস্তানের অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি (ওজিআরএ) পেট্রোলের মূল্য নির্ধারণের বিস্তারিত হিসাব প্রকাশ করে।

রুপির দরপতনেও বাড়ছে চাপ

আন্তর্জাতিক বাজারের পাশাপাশি পাকিস্তানি রুপির বিনিময় হারও জ্বালানির মূল্যবৃদ্ধিতে প্রভাব ফেলছে। মার্কিন ডলারের বিপরীতে রুপির দর দুর্বল হওয়ায় আমদানি করা জ্বালানি কিনতে পাকিস্তানকে তুলনামূলক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে।

২২ সেপ্টেম্বরের হিসাবে, ১ মার্কিন ডলারের মূল্য ছিল প্রায় ২৭৭ দশমিক ২১ পাকিস্তানি রুপি। একই সময়ে ভারতে ১ ডলারের মূল্য ছিল ৯৫ দশমিক ৮২ ভারতীয় রুপি, বাংলাদেশে ১২২ দশমিক ৭২ টাকা এবং নেপালে ১৫৩ দশমিক ৬১ নেপালি রুপি।

অর্থাৎ ডলারে মূল্য পরিশোধ করে পেট্রোল আমদানির ক্ষেত্রে পাকিস্তানের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের অভ্যন্তরীণ বাজারের জ্বালানির দামেও।

পাকিস্তানে ভোক্তাদের পাম্পে যে দামে পেট্রোল কিনতে হয়, তা নির্ধারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম, আমদানি করা পরিশোধিত পেট্রোলের মূল্য, পরিবহন ব্যয় ও প্রিমিয়াম, সরকারি বিভিন্ন লেভি এবং ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির বিনিময় হার—সবগুলো বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরও বাড়লে কিংবা পাকিস্তানি রুপির বিনিময় হার আরও দুর্বল হলে দেশটির অভ্যন্তরীণ বাজারে পেট্রোলের দামও বাড়তে পারে বলে সংশ্লিষ্টদের বক্তব্য।