tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকচন্দিপুরা ভাইরাসে ভারতে ২২ শিশুর মৃত্যু, গুজরাট-রাজস্থানে বিশেষ টিম মোতায়েন

চন্দিপুরা ভাইরাসে ভারতে ২২ শিশুর মৃত্যু, গুজরাট-রাজস্থানে বিশেষ টিম মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

মস্তিষ্কে প্রদাহজনিত রোগ সৃষ্টি করতে সক্ষম চন্দিপুরা ভাইরাসের প্রাদুর্ভাবে ভারতে অন্তত ২২ শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুজরাট ও রাজস্থানে ন্যাশনাল রেসপন্স টিম (এনআরটি) মোতায়েন করেছে দেশটির সরকার।

বুধবার (৫ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই দল স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে রোগ নিয়ন্ত্রণ, আক্রান্তদের চিকিৎসা এবং জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম জোরদারে সহায়তা করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, চন্দিপুরা ভাইরাস সাধারণত বর্ষা মৌসুমে বালুমাছি, মশা ও অন্যান্য বাহক পোকামাকড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ ভাইরাস এনসেফালাইটিস বা মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করতে পারে, যা দ্রুত জটিল আকার ধারণ করে প্রাণঘাতী হতে পারে।

প্রাদুর্ভাবের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গুজরাটে। রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী প্রফুল পানশেরিয়া জানিয়েছেন, এখন পর্যন্ত ১৮৪ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫ জনের শরীরে চন্দিপুরা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এদিকে, প্রতিবেশী রাজস্থানেও গত মাসে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি দ্রুত রোগ শনাক্তকরণ, মশা ও অন্যান্য বাহক পোকামাকড় নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালানো হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের জ্বর, খিঁচুনি, অস্বাভাবিক আচরণ বা অন্যান্য স্নায়বিক জটিলতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।