বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন শনিবারের (১১ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি এবং বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার শনিবার অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে পৃথকভাবে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পরীক্ষাকেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে পরীক্ষা স্থগিতের বিষয়টি দ্রুত জানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।



