বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়। স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সরকারের ভুলত্রুটি তুলে ধরে এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করে।
তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সঙ্গে বিরোধে গিয়ে কোনো সরকারই উপকৃত হতে পারে না। সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা এবং গঠনমূলক সমালোচনা করা গণমাধ্যমের দায়িত্ব, যা শেষ পর্যন্ত দেশ ও সরকারের জন্যই কল্যাণকর।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন কাভার করতে নিউইয়র্কে আসা বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরীর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কাদের গনি চৌধুরী বলেন, সংবাদমাধ্যমের আনুগত্য থাকবে কেবল সত্য ও জনগণের প্রতি; কোনো রাজনৈতিক দল বা ক্ষমতার কেন্দ্রের প্রতি নয়। গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘গণতন্ত্রের শত্রুরাই গণমাধ্যমের শত্রু। যে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে সংবাদপত্রের স্বাধীনতাও থাকে না।’
বিএফইউজে মহাসচিব বলেন, শুধু গণমাধ্যমের স্বাধীনতার কথা বললেই হবে না, সাংবাদিকতার দায়িত্বশীলতার বিষয়টিও সমানভাবে গুরুত্ব দিতে হবে। গণমাধ্যমকে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা তুলে ধরার পাশাপাশি অপতথ্য ও গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা থেকেও বিরত থাকতে হবে।
দেশে সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিকতার ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যাঙের ছাতার মতো পত্রিকা প্রকাশের সুযোগ দেওয়া হচ্ছে। হাতে গোনা কয়েকটি পত্রিকা ছাড়া অনেকগুলোরই যথাযথ প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। অনেক প্রতিষ্ঠান ওয়েজবোর্ড বাস্তবায়ন তো দূরের কথা, সাংবাদিক-কর্মীদের নিয়মিত বেতনও দেয় না। এই নৈরাজ্য দূর করা প্রয়োজন।
কাদের গনি চৌধুরী বলেন, বিগত সরকারের সময়ে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছিল বলে তিনি মনে করেন। বর্তমানে সাংবাদিকরা সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছেন দাবি করে তিনি এই স্বাধীনতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘গণমাধ্যমকে শত্রু ভাবার কারণ নেই। গণমাধ্যম আপনাকে সত্যটাই জানাবে, অন্যরা আপনাকে সাফল্যের গল্প বানিয়ে শোনাবে।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রফেসর সৈয়দ আজাদ, গাজী মনির আহমেদ, মোতাহার হোসেন, নুর মোহাম্মদ, এটিএম হেলালুর রহমান, মাহবুবুর রহমান, শাহ আলম, নুর আলম, সাংবাদিক রেজাউল করিম লাভলু, দীন ইসলাম, সাইফুল ইসলাম, মাহবুব রশীদসহ অনেকে।



