রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
রবিবার (৩০ নভেম্বর) রাতে হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, “আমি ব্যক্তিগত উদ্যোগে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছি। দেশের জন্য তাঁর অবদান ও ত্যাগের কথা ভেবে দেশের মানুষের সঙ্গে আমিও তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছি।”
তিনি আরও জানান, চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে জেনেছেন যে গত কয়েকদিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে এবং তিনি কিছুটা ভালো আছেন। চিকিৎসকরাও তাঁর আরও উন্নতির বিষয়ে আশাবাদী।
গণতান্ত্রিক রূপান্তরের পথে খালেদা জিয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মাহফুজ আলম বলেন, “তাঁর ত্যাগ ও অবদান বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই গণতান্ত্রিক রূপান্তরে যারা জুলাই অভ্যুত্থানে অবদান রেখেছেন, তাদের সঙ্গে নিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে।”
এ সময় তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।



