বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আবেগঘন বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তার দীর্ঘ রাজনৈতিক পথচলা ও মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন।
পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে সারাজীবন মানুষের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছি। আজ ফিরে তাকালে দেখি, আপনাদের ভালোবাসা ও বিশ্বাসই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।’
তিনি আরও বলেন, মানুষের এই বিশ্বাস ও ভালোবাসা তার কাছে এক অমূল্য আমানত। সেই আমানত রক্ষা করাকেই তিনি জীবনের শেষ লক্ষ্য হিসেবে দেখছেন। তার ভাষায়, ‘এই আমানত রক্ষা করাই আমার জীবনের শেষ লক্ষ্য। সঙ্গে থাকুন, আমরা অবশ্যই লক্ষ্যে পৌঁছাব।’
ধারণা করা হচ্ছে, নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের উদ্দেশ্যেই এই বার্তাটি দিয়েছেন তিনি।



