বরিশালের উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে কোনো ধরনের অযথা বিলম্ব মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। একই সঙ্গে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে সভায় আলোচনা হয়। সভা শেষে প্রতিমন্ত্রী বলেন, বরিশালের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমও আগের চেয়ে ভালো হচ্ছে বলে জানান তিনি।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি প্রসঙ্গে আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, এসব কাজ নিয়মিতভাবে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে তিনি পাঁচটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছেন।
বরিশালের ক্যানসার হাসপাতাল আগামী বছরের এপ্রিল মাসে চালুর লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি নভোথিয়েটারের নির্মাণকাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সময়ক্ষেপণের সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি প্রতিটি প্রকল্পে নির্মাণের মান যথাযথ আছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সভায় দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এ দুই বিষয়ের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পের কাজের মানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।
বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন এমপি।
জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর।
সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও বিভাগের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মহানগর ও জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা এতে অংশ নেন।
সভায় বরিশালের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



