আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ আইনের আওতায় অনুমোদন পাওয়া নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ৩১টি বিদ্যুৎ প্রকল্প পুনর্বহালের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বিদ্যুৎ খাতের নীতিনির্ধারকরা। সৌর, বায়ু ও বর্জ্যভিত্তিক মোট ৩ হাজার ৫৫৫ মেগাওয়াট সক্ষমতার এসব প্রকল্প গত বছরের ২৬ আগস্ট বাতিল করেছিল অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে বিএনপি সরকার প্রকল্পগুলো পর্যালোচনার জন্য পিডিবি চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করলেও সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রকল্পগুলো পুনরায় অনুমোদনের পথ কার্যত বন্ধ।
পিডিবির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, প্রকল্পগুলো যে বিশেষ আইনের আওতায় অনুমোদন পেয়েছিল, সেই আইন বর্তমানে আর কার্যকর নেই। ফলে কোন আইনি ভিত্তিতে সেগুলো পুনরায় অনুমোদন দেওয়া হবে, তা স্পষ্ট নয়। এ বিষয়ে গঠিত কমিটি শিগগিরই সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ৩১টি প্রকল্পের মধ্যে অন্তত ছয়টি স্থানে ইতোমধ্যে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে নতুন বিনিয়োগকারীদের অনুমোদন দেওয়া হয়েছে এবং পিডিবির সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে। আরও কয়েকটি স্থানে নতুন দরপত্রের প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের দাবি, তারা আইনগতভাবে প্রকল্প অনুমোদন পেয়েছিলেন এবং এসব প্রকল্প বাস্তবায়িত হলে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রায় ৪০০ কোটি ডলারের বিনিয়োগ আসত। প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট কোম্পানিগুলো হাইকোর্টে রিট দায়ের করেছে। বর্তমানে বিষয়টি বিচারাধীন রয়েছে।
পিডিবি সূত্র বলছে, পূর্ববর্তী সরকার বিশেষ আইনে যেসব প্রকল্প অনুমোদন দিয়েছিল, সেগুলোর বিদ্যুৎ ক্রয়মূল্য তুলনামূলক বেশি ছিল। উদাহরণ হিসেবে পাবনার ৭০ মেগাওয়াটের একটি সৌর প্রকল্পে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছিল ১০.১৫ মার্কিন সেন্ট। পরে একই স্থানে দরপত্রের মাধ্যমে নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে ৭.৯ সেন্টে। একইভাবে নীলফামারী, কক্সবাজার, নোয়াখালী ও বাগেরহাটের বেশ কয়েকটি প্রকল্পেও নতুন দরপত্রে উল্লেখযোগ্যভাবে কম দামে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব পাওয়া গেছে।
এ ছাড়া ত্রিশাল, সাতক্ষীরা ও কক্সবাজারে সৌর ও বায়ুভিত্তিক কয়েকটি বড় প্রকল্প এবং বিভিন্ন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও বিশেষ আইনে অনুমোদন পেয়েছিল। কিছু ক্ষেত্রে বিদ্যুতের ক্রয়মূল্য ১২ থেকে ১৯ সেন্ট পর্যন্ত নির্ধারিত ছিল, যা বর্তমান দরপত্র ব্যবস্থার তুলনায় অনেক বেশি।
অন্যদিকে, বিএনপি সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিদ্যমান নীতিমালা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সমন্বয় করে একটি নতুন কৌশলপত্র প্রণয়নের কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এতে সৌর, বায়ু ও বর্জ্যভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে বিভিন্ন প্রণোদনা ও সুবিধার বিষয় অন্তর্ভুক্ত থাকবে।



