বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমরা মদিনার ইসলামের চর্চা করি, মওদুদীর ইসলামের অনুসারী নই।” তিনি বলেন, যারা ফিতনা সৃষ্টি করে সমাজে বিভেদ ছড়াতে চায়, তাদের থেকে সবাইকে দূরে থাকতে হবে। ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাসেমী পরিষদ আয়োজিত ‘আজমাতে সাহাবা’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে কিছু রাজনৈতিক দল ইসলামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করে, যা দেশের জন্য ক্ষতিকর।
তার ভাষায়, “বিগত ফ্যাসিস্ট সরকার ইসলাম, মুসলিম ও আলেম সমাজবিরোধী রাজনীতি করেছিল। তাদের নির্মম পতন হয়েছে। আমাদের উচিত আদর্শভিত্তিক রাজনীতি করা, যাতে আওয়ামী লীগের অপরাজনীতি বিলুপ্ত হয়। দেশের রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে—তবেই অপরাজনীতি বিদায় নেবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তে ওলামা ইসলামের সভাপতি মুফতি মাওলানা মনির কাশেমী।
এসময় বক্তব্য রাখেন—হেফাজতে ইসলামের খলিল আহমাদ কুরাইশী, জমিয়তে ওলামা ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নাসিরউদ্দিন মনির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল ও মাসুদুজ্জামান মাসুদ, হেফাজত ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবিব প্রমুখ।



