চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ তাঁর পরিবারের চার সদস্যকে আটক করেছে পুলিশ। সপরিবারে ‘আত্মগোপনে’ চলে যাওয়ার পর শুক্রবার (২৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের পটিয়ায় গ্রামের বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানার পুলিশের একটি দল এ অভিযান চালায়।
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) গাজী কালাম জানান, গত দুই দিনের চেষ্টার পর স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে আটক করা সম্ভব হয়েছে। তবে চাঁদপুরে কাউকে না জানিয়ে তিনি কেন গ্রামের বাড়িতে গিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান এসকে জুয়েলার্স অ্যান্ড শিল্পালয়ে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে চাঁদপুর থেকে চলে যান পিন্টু দাস। পরে তাঁর ‘আত্মগোপনে’ যাওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় বাড়ির মালিক চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে, স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসের বিরুদ্ধে স্থানীয় কয়েকজন অভিযোগ করেছেন, তাঁর কাছে স্বর্ণ বন্ধক রেখে অনেকে নগদ টাকা নিতেন। অভিযোগ রয়েছে, সাধারণ মানুষের বন্ধক রাখা স্বর্ণ নিয়ে তিনি আত্মগোপনে চলে যান। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।



