দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্তকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস আবারও চোখে পড়েছে। তাঁর নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তিকে কেন্দ্র করে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন প্রেক্ষাগৃহের সামনে চলছে নানা আয়োজন। কোথাও প্রিয় তারকার বিশাল পোস্টারে দুধ ঢেলে শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা, আবার কোথাও ‘থালাইভা’ স্লোগান ও আরতির মাধ্যমে উদ্যাপন করছেন তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ভক্তদের এমন উন্মাদনার দৃশ্য দেখা গেছে। চেন্নাইয়ের কোয়াম্বেদু এলাকায় রোহিণী থিয়েটারের বাইরে রজনীকান্তের বড় পোস্টারে দুধ ঢালতে দেখা যায় তাঁদের। এ সময় ‘থালাইভা’ স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা। সিনেমা মুক্তিকে ঘিরে ভক্তদের এই ব্যতিক্রমী আয়োজন অনলাইনেও ব্যাপক আলোচনা তৈরি করেছে।
তারকাবহুল ‘জেলার ২’
নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছে সান পিকচার্স। প্রতিষ্ঠানটির কর্ণধার কালানিথি মারান ছবিটির প্রযোজক। ২০২৩ সালে মুক্তি পাওয়া রজনীকান্ত অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘জেলার’-এর পরবর্তী কিস্তি এটি।
ছবিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণান, এস জে সূর্য, বিদ্যাবালান, সুরজ ভেঞ্জারামুডু ও মিঠুন চক্রবর্তীসহ আরও অনেকে। এ ছাড়া মোহনলাল, হৃতিক রোশন, শিবরাজকুমার ও জ্যাকি শ্রফের ক্যামিও উপস্থিতি নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন বিজয় কার্তিক কান্নান এবং সম্পাদনা করেছেন আর নির্মল।
এর আগে ২০২৩ সালের ১০ আগস্ট মুক্তি পেয়েছিল ‘জেলার’। ছবির কাহিনিতে মুথুভেল পান্ডিয়ান নামের এক অবসরপ্রাপ্ত কারা কর্মকর্তার পারিবারিক নিরাপত্তাকে কেন্দ্র করে আবারও সহিংসতার জগতে জড়িয়ে পড়ার গল্প তুলে ধরা হয়। মুক্তির পর বাণিজ্যিক সাফল্য পাওয়ার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক বাজারে রজনীকান্তের জনপ্রিয়তাও আরও দৃশ্যমান হয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় সিক্যুয়েলটি নিয়ে দর্শকদের প্রত্যাশা বেড়েছে।
প্রথম সিনেমাটির সাফল্যের পর ‘জেলার ২’-এও রজনীকান্ত ও পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে কাজ করেছেন সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। ফলে ছবিটির গান ও আবহসংগীত নিয়েও দর্শকদের বাড়তি আগ্রহ রয়েছে।
মুক্তির সময়ে বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা
ভারতজুড়ে রজনীকান্তের বড় একটি ভক্তগোষ্ঠী রয়েছে। তাঁর সিনেমা মুক্তি পেলেই প্রথম দিনের প্রদর্শনী ঘিরে প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় এবং নানা উৎসবমুখর আয়োজন দেখা যায়। ‘জেলার ২’ মুক্তিকে ঘিরেও সেই পরিচিত চিত্র সামনে এসেছে।
এদিকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের বাজারে প্রতিযোগিতা বাড়াতে যাচ্ছে আরেকটি সিনেমা। বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অভিনীত ‘রানাবালি’ ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে, অর্থাৎ ‘জেলার ২’-এর এক দিন পর। ছুটির মৌসুমে কাছাকাছি সময়ে মুক্তি পাওয়া সিনেমা দুটি দর্শক টানতে এবং বক্স অফিসে কেমন সাড়া ফেলতে পারে, এখন সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্টদের।



