tanaka

মোবাইল ফোনে ব্রেন ক্যানসারের ঝুঁকি? ৬৩ গবেষণায় যা জানা গেল

মোবাইল ফোনের বিকিরণে মস্তিষ্কের ক্যানসারের ঝুঁকি বাড়ে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এ বিষয়ে বিভিন্ন দেশের ৬৩টি গবেষণার ফলাফল বিশ্লেষণ করে...
প্রচ্ছদসারাদেশআগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা অনুযায়ী, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, কেউ অর্থশালী বা বিত্তবান না হলেও তাঁর জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা থাকতে পারে। এমন ব্যক্তিদেরও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। এ জন্য সাধারণ মানুষ যাতে সহজে নির্বাচনে অংশ নিতে পারেন, সে ধরনের কার্যকর পদ্ধতি নির্বাচন কমিশনকে নির্ধারণ করতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্পিকার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। গত ১৭ বছরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার

ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা তুলে ধরে স্পিকার বলেন, জেলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে। দেশের বর্তমান গ্যাসের মজুতের তুলনায় ভোলায় আরও গ্যাসের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ভোলার সাধারণ মানুষেরও গ্যাসের প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে ভোলাবাসী এ নিয়ে ভোগান্তির মধ্যে রয়েছেন। গ্যাস ভোলার মানুষের ন্যায্য অধিকার এবং এটি তাঁদের দীর্ঘদিনের দাবি।

এ বিষয়ে জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান স্পিকার।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।