খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি।
সকাল ৯টায় ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী। পরে সকাল ১০টার দিকে আকাশপথে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ করেন তিনি।
দাকোপে অবতরণের পর সড়ক ও নৌপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৪৫ মিনিটে মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি ‘বানৌজা মোংলা’-য় পৌঁছানোর পর সেখানে মধ্যাহ্নবিরতি নেওয়ার কথা রয়েছে তাঁর। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে ঘাঁটিতে আয়োজিত একটি পর্যালোচনা সভায় অংশ নেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ইকোনমিক জোন এলাকা পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
দিনব্যাপী সফর শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৫টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।



