ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের মধ্যে ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটেছে। ওই দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ।
বুধবার (১৪ অক্টোবর) সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। একই দিন বিকেলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মারামারিতে জড়িত দুই শিক্ষক হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম।
জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে তাঁদের মধ্যে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুজনকে ধস্তাধস্তিতে জড়াতে দেখা যায়। এ সময় এক ব্যক্তি তাঁদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। আরেকজনকে ঘটনার ভিডিও ধারণ করতে দেখা যায়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি শিক্ষা বিভাগের নজরে আসে। পরে বুধবার সকালে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের ভেতরে শিক্ষকদের এমন আচরণ অসদাচরণের শামিল। পারিবারিক বিরোধ বিদ্যালয়ে নিয়ে আসা কোনোভাবেই উচিত নয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে লিখিত ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৪ সালে আফজাল হোসেন ও আসমা বেগমের বিয়ে হয়। তাঁরা দুজনই ২০১১ সালের দিকে ওই বিদ্যালয়ে যোগ দেন। তাঁদের এক মেয়ে উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। প্রায় ১৪ বছর ধরে এই শিক্ষক দম্পতি আলাদা থাকেন। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।



