রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৩৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ৩৭টি মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপি জানায়, অভিযানে পুলিশের বিভিন্ন বিভাগ থেকে মোট ৫৩৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ৫৩ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৬ জন, তেজগাঁও বিভাগে ৯৫ জন, মিরপুর বিভাগে ১৫২ জন, গুলশান বিভাগে ৩০ জন, উত্তরা বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগে দুজনকে আটক করা হয়।
অভিযান চলাকালে এক কেজি গাঁজা, এক হাজার ৫০৬টি ইয়াবা, চারটি মোবাইল ফোন ও চারটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।



