২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাস্লো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডিশ অ্যাকাডেমি তাকে এবারের বিজয়ী হিসেবে ঘোষণা করে।
সুইডিশ অ্যাকাডেমির বিবৃতিতে বলা হয়, “আকর্ষণীয় ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য লাস্লো ক্রাসনাহোরকাইকে এ পুরস্কার দেওয়া হয়েছে। বৈশ্বিক ভয়াবহতার মধ্যেও তার লেখনী শিল্পের শক্তিকে নতুনভাবে তুলে ধরেছে।”
অ্যাকাডেমি আরও জানায়, মধ্য ইউরোপীয় সাহিত্যের ধারায় ক্রাসনাহোরকাই একজন ‘মহাকাব্যিক লেখক’, যিনি কাফকা থেকে থমাস বার্নহার্ড পর্যন্ত সাহিত্যিকদের ধারা অনুসরণ করেছেন। তার লেখায় অ্যাবসার্ডবাদ ও গ্রোটেস্ক অতিরঞ্জনের প্রবল উপস্থিতি লক্ষ করা যায়।
তবে তিনি কেবল পশ্চিমা সাহিত্যের অনুগামী নন; প্রাচ্যের দর্শন থেকেও অনুপ্রাণিত। এই প্রভাবেই তার লেখায় ধীর, ধ্যানমগ্ন ও সূক্ষ্ম এক সুর ধ্বনিত হয়, যা তার সাহিত্যকে দিয়েছে এক অনন্য বৈশিষ্ট্য।
উল্লেখ্য, ২০২৪ সালের সাহিত্যে নোবেল জিতেছিলেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান লেখক হান ক্যাং।



