বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে অ্যানোরেক্সিয়া নার্ভোসা ও বুলিমিয়া নার্ভোসায় আক্রান্ত মানুষের সংখ্যা ২ কোটি ১৮ লাখে পৌঁছাতে পারে। চিকিৎসাবিষয়ক একটি সাময়িকীতে প্রকাশিত নতুন গবেষণায় এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ এ দুটি খাদ্যাভ্যাসজনিত মানসিক রোগে আক্রান্ত ছিলেন। ১৯৯০ সালের তুলনায় এ সংখ্যা প্রায় ৭১ শতাংশ বেশি।
গবেষকদের মতে, আক্রান্তের সংখ্যা বৃদ্ধির এই প্রবণতা ভবিষ্যতে মানসিক স্বাস্থ্যসেবার ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। তাই চিকিৎসার চাহিদা নিরূপণ এবং স্বাস্থ্যসেবা পরিকল্পনা প্রণয়নে গবেষণার এ পূর্বাভাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বুলিমিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি
গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালে বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৪২ লাখ মানুষ বুলিমিয়া নার্ভোসায় আক্রান্ত ছিলেন। অন্যদিকে অ্যানোরেক্সিয়া নার্ভোসায় আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৩৯ লাখ।
অ্যানোরেক্সিয়া নার্ভোসা একটি গুরুতর খাদ্যাভ্যাসজনিত মানসিক রোগ। এ সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা অতিরিক্তভাবে খাবার গ্রহণ সীমিত করেন, ওজন বেড়ে যাওয়ার তীব্র ভয় পান এবং নিজের শরীরের গঠন ও ওজন সম্পর্কে বিকৃত ধারণা পোষণ করেন।
অন্যদিকে, বুলিমিয়া নার্ভোসায় আক্রান্ত ব্যক্তিরা বারবার অতিরিক্ত পরিমাণে খাবার গ্রহণ করেন। পরে ওজন বৃদ্ধি ঠেকাতে ইচ্ছাকৃতভাবে বমি করা বা অন্যান্য অস্বাস্থ্যকর পদ্ধতি অনুসরণ করেন। উভয় রোগই শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।
২০২৩ সালে ৩৮ লাখ বছর সুস্থ জীবন হারিয়েছে মানুষ
গবেষণার হিসাব অনুযায়ী, ২০২৩ সালে এই দুটি রোগের কারণে বিশ্বজুড়ে প্রায় ৩৮ লাখ বছর সুস্থ জীবন হারিয়েছে মানুষ। অসুস্থতার কারণে স্বাভাবিক জীবনযাপনে ব্যাহত হওয়া সময় এবং অকালমৃত্যুর ফলে হারানো জীবনের বছর—দুটিই এ হিসাবের অন্তর্ভুক্ত।
বয়সভেদেও রোগ দুটির বিস্তারে পার্থক্য রয়েছে। ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে অ্যানোরেক্সিয়া নার্ভোসার প্রবণতা বেশি। অন্যদিকে, ৩০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে বুলিমিয়া নার্ভোসায় আক্রান্তের হার তুলনামূলক বেশি।
গবেষণায় আরও দেখা গেছে, এ দুটি রোগে আক্রান্ত মানুষের প্রায় ৭০ শতাংশই নারী।
এশিয়ায় বাড়ছে আক্রান্তের হার
অঞ্চলভিত্তিক বিশ্লেষণে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পশ্চিম ইউরোপে এ দুটি রোগের প্রকোপ সবচেয়ে বেশি পাওয়া গেছে। তবে ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে পূর্ব ও দক্ষিণ এশিয়ায় আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গবেষণায় বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এ জন্য গ্লোবাল বারডেন অব ডিজিজ (জিবিডি) গবেষণা, বিভিন্ন জরিপ, প্রকাশিত বৈজ্ঞানিক গবেষণা এবং মৃত্যুসংক্রান্ত তথ্য ব্যবহার করেছেন গবেষকেরা।
তবে অঞ্চলভেদে আক্রান্তের হারের পার্থক্যের পেছনে স্বাস্থ্যসেবা, বিশেষায়িত চিকিৎসার সুযোগ এবং নির্ভরযোগ্য তথ্যের প্রাপ্যতাও ভূমিকা রাখতে পারে বলে সতর্ক করেছেন তারা। যেসব দেশে পর্যাপ্ত জরিপ ও চিকিৎসাসুবিধা নেই, সেখানে অনেক রোগী শনাক্তের বাইরে থেকে যেতে পারেন।
২০৫০ সালের পূর্বাভাস নিশ্চিত নয়
গবেষণায় ২০৫০ সালের মধ্যে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৮ লাখে পৌঁছানোর যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তা জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন এবং বর্তমান রোগপ্রবণতার ওপর ভিত্তি করে তৈরি। তাই এটিকে নিশ্চিত ভবিষ্যৎ পরিস্থিতি হিসেবে বিবেচনা করা যাবে না।
এ ছাড়া গবেষণায় শুধু অ্যানোরেক্সিয়া নার্ভোসা ও বুলিমিয়া নার্ভোসা বিবেচনায় নেওয়া হয়েছে। ফলে খাদ্যাভ্যাসজনিত সব ধরনের মানসিক রোগের প্রকৃত চিত্র কিংবা ভবিষ্যতে চিকিৎসার সামগ্রিক চাহিদা এতে উঠে আসেনি।
তবে গবেষণার ফলাফল বলছে, এসব রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা এবং মানসিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো জরুরি। বিশেষ করে যেসব অঞ্চলে আক্রান্তের সংখ্যা বাড়ছে অথচ বিশেষায়িত চিকিৎসার সুযোগ সীমিত, সেখানে এ বিষয়ে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সূত্র: সামা



