tanaka
প্রচ্ছদজাতীয়কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা

কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা

৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে টানা এক সপ্তাহ বিক্ষোভ ও অবরোধের পর শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে ফিরেছেন গাজীপুর মহানগরের কাশিমপুর ও কোনাবাড়ীসহ আশপাশের শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কাশিমপুর-কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও মৌচাকসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কাশিমপুর-কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, মৌচাকসহ আশপাশের বিভিন্ন শিল্প এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ করে আসছিলেন। পরে সরকার শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করে।

বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরে কোথাও শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ বা অন্য কোনো ঘটনা ঘটেনি। সকালে শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে ফিরেছেন এই অঞ্চলের শ্রমিকরা।

এদিকে পুলিশ, বিজিবি, আনসার ও মোবাইল কোর্ট বিভিন্ন শিল্প এলাকায় টহল দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। শ্রমিক বিক্ষোভের ইস্যুতে কোনো কারখানার ছুটি নেই। প্রায় সব কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন।