tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকবিশ্বজুড়ে অস্থিরতা ও সংঘাত বাড়ছে, সতর্কবার্তা রাজা তৃতীয় চার্লসের

বিশ্বজুড়ে অস্থিরতা ও সংঘাত বাড়ছে, সতর্কবার্তা রাজা তৃতীয় চার্লসের

বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা, সামরিক সংঘাত এবং আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার ক্রমবর্ধমান দুর্বলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয় এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তনকে মানবজাতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রাজা চার্লস।

বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক নিয়মনীতি ও প্রতিষ্ঠানগুলো যখন কঠিন পরীক্ষার মুখে, তখন বিশ্বজুড়ে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ছে। এসব সংঘাত মানুষের জীবন বিপর্যস্ত করার পাশাপাশি বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে।

রাজা তৃতীয় চার্লস বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশের ধ্বংস এবং প্রযুক্তির দ্রুত রূপান্তর—এই তিনটি বিষয় একসঙ্গে মানবজাতির সামনে নজিরবিহীন চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি এসব সংকটকে ‘আমাদের সময়ের সংকট’ হিসেবে অভিহিত করেন।

বিশ্বের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব আরও জোরদার করার আহ্বান জানান তিনি। তার মতে, বাণিজ্য, বিনিয়োগ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কমনওয়েলথ।

এদিকে, বক্তব্যে আটলান্টিক মহাসাগর পেরিয়ে পরিচালিত ঐতিহাসিক দাস ব্যবসার দীর্ঘমেয়াদি প্রভাবের বিষয়টিও তুলে ধরেন ব্রিটিশ রাজা। তিনি স্বীকার করেন, দাসপ্রথার সেই অন্ধকার অধ্যায়ের ক্ষত এখনো ক্যারিবীয় অঞ্চলসহ কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের সমাজে বিদ্যমান।

এ প্রসঙ্গে রাজা তৃতীয় চার্লস বলেন, ‘ইতিহাসের সেই লজ্জাজনক অধ্যায় আমার হৃদয়কে আতঙ্কিত করে এবং আমার আত্মাকে গভীর ব্যক্তিগত বেদনায় পূর্ণ করে।’

সূত্র: আনাদোলু এজেন্সি