tanaka
প্রচ্ছদজাতীয়এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। তাঁদের মধ্যে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনারসহ দুই উপমহাপরিদর্শককে (ডিআইজি) নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল রিজার্ভ ফোর্সের (এসআরএফ) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরএফের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সাইয়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে রাজারবাগে পুলিশ টেলিকম সংস্থায় অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়েছে। আর রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।