tanaka
প্রচ্ছদসারাদেশথানায় ডেকে টাকা নেওয়া ও মারধরের অভিযোগ, এএসআইয়ের বিরুদ্ধে আদালতে মামলা

থানায় ডেকে টাকা নেওয়া ও মারধরের অভিযোগ, এএসআইয়ের বিরুদ্ধে আদালতে মামলা

যশোরের ঝিকরগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আলমের বিরুদ্ধে চাঁদা দাবি, জোর করে টাকা নিয়ে নেওয়া এবং মারধরের অভিযোগে আদালতে মামলা করেছেন এক ব্যক্তি।

মঙ্গলবার (৩ নভেম্বর) যশোরের ঝিকরগাছা আমলি আদালতে মামলাটি দায়ের করেন ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা মোজাফফার সরদারের ছেলে আসাদুজ্জামান।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহমেদ ইমন অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ সুপারকে (ক্রাইম) নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আরজিতে অভিযোগ করা হয়, গত ২৩ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে এএসআই আশরাফুল আলম অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে আসাদুজ্জামানের বাড়িতে অভিযান চালান। এ সময় তার সেজো ভাই রেজাউল করিমকে বাড়িতে না পেয়ে আসাদুজ্জামানের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। টাকা না দিলে তার ভাইকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরজিতে আরও বলা হয়, পরদিন ২৪ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে রেজাউল করিমের ব্যবহৃত মোবাইল ফোন থেকে আসাদুজ্জামানের কাছে কল আসে। ওই ফোনের মাধ্যমে তিনি জানতে পারেন, তার ভাইকে ঝিকরগাছা থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

পরে ভাইয়ের ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ফেরত আনতে থানায় যান আসাদুজ্জামান। মামলার অভিযোগ অনুযায়ী, থানায় পৌঁছানোর পর ডিউটি অফিসারের কক্ষের সামনে থেকে এএসআই আশরাফুল আলম তাকে হাজতখানার সামনে নিয়ে যান। সেখানে তার পকেট থেকে জোর করে আড়াই হাজার টাকা নিয়ে নেওয়া হয়। এ ছাড়া মোটরসাইকেল ও মোবাইল ফোন ফেরত পেতে আরও চার থেকে পাঁচ হাজার টাকা দাবি করা হয়। এ সময় তার মানিব্যাগ ফেরত দিতেও অস্বীকৃতি জানান ওই পুলিশ কর্মকর্তা বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরে থানা থেকে বের হওয়ার সময় মানিব্যাগটি নিচে পড়ে গেলে সেটি তুলতে যান আসাদুজ্জামান। তখন এএসআই আশরাফুল আলম তাকে সজোরে থাপ্পড় মারেন এবং থানা থেকে বের করে দেন।

বাদীর দাবি, থানার ভেতরে ঘটে যাওয়া পুরো ঘটনাটি সেখানকার সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে তিনি আদালতে মামলা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, এএসআই আশরাফুল আলমের বিরুদ্ধে এমন কোনো অভিযোগের বিষয়ে তিনি অবগত নন।