tanaka
প্রচ্ছদজাতীয়ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থীর ভূমিধস জয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থীর ভূমিধস জয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। ফলে দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৪০৪।

বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট। আর বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৪৫০ ভোট।

তিন উপজেলায় ১৮৫টি ভোটকেন্দ্র

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের অন্তর্ভুক্ত তিন উপজেলায় মোট ভোটকেন্দ্র ছিল ১৮৫টি। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।

মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৬৮ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন।

অন্যদিকে, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছিলেন ২৮৭ জন ভোটার। তাঁদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।

বিপুল ভোটের ব্যবধানে জয়ের মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিজেদের অবস্থান সুসংহত করল বিএনপি।