tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকস্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ১০

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ১০

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ার দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এক বছরেরও কম সময়ের মধ্যে একই রেলপথে দ্বিতীয় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মোরা ও ওরগাজের মধ্যবর্তী এলাকায় রেনফে ও ইরিও কোম্পানির দুটি উচ্চগতির ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইরিও ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। উদ্ধারকাজ চলতে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

দুর্ঘটনার ভয়াবহতার বর্ণনা দিয়ে এক যাত্রী জানান, হঠাৎ তাঁরা প্রায় ১০ সেকেন্ড ধরে বিকট শব্দ শুনতে পান। শব্দ শুনে তাঁদের মনে হয়েছিল, ট্রেনটি বুঝি লাইনচ্যুত হতে যাচ্ছে। পরে জানালা দিয়ে তাকিয়ে পাশেই আরেকটি বিধ্বস্ত ট্রেন দেখতে পান তাঁরা।

তবে কী কারণে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে এই সংঘর্ষ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত জানুয়ারিতেও একই রেলপথে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ওই দুর্ঘটনায় প্রাণ হারান ৪৬ জন। অল্প সময়ের ব্যবধানে একই রেলপথে একাধিক বড় দুর্ঘটনা ঘটায় রেললাইন রক্ষণাবেক্ষণ, অবকাঠামোগত নিরাপত্তা ও ট্রেন চলাচল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাঁর সব সরকারি কর্মসূচি স্থগিত করেছেন। একই সঙ্গে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

আগামী মাসের শেষ দিকে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সামনে রেখে দেশটির রাজনৈতিক দলগুলোও সাময়িকভাবে নির্বাচনী প্রচার বন্ধ রেখেছে। অন্যদিকে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং নিখোঁজ বা দুর্ঘটনাকবলিত যাত্রীদের স্বজনদের সহায়তা দিতে স্থানীয় প্রশাসন জরুরি সহায়তা কেন্দ্র ও আশ্রয়শিবির প্রস্তুত করেছে।

সূত্র: রয়টার্স