সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। সার্ভারের নিরাপত্তা নিশ্চিত করতে কারিগরি দল কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘আমাদের কারিগরি টিম কাজ করছে। কাজ শেষ হলে দ্রুত সার্ভার চালু হয়ে যাবে।’
এদিকে, সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ তথ্যভান্ডারের সুরক্ষায় সতর্কবার্তা জারি করেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও সার্ভারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এ পদক্ষেপ নেওয়া হলো।
এর আগে পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে গত রোববার বাংলাদেশ ব্যাংকের সার্ভার আবার সচল করা হয়।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, বিষয়টি শুধু বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সমস্যা ছিল না। বিশ্বব্যাপী সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবেই ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল।
এনআইডি সার্ভার কতক্ষণ বন্ধ থাকবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। তবে কারিগরি কাজ শেষ হলে দ্রুত সার্ভার চালু করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগ।



