দক্ষিণ-পূর্বাঞ্চলে আংশিক গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ঘটে যাওয়া এ বিপর্যয়ের প্রকৃত কারণ শনাক্ত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সুনির্দিষ্ট সুপারিশ দেবে কমিটি। এ জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের জারি করা এক অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজাকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন পাওয়ার গ্রিড বাংলাদেশের সাবেক নির্বাহী পরিচালক (পিএন্ডডি) মো. আমির খসরু, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) সিস্টেম প্রটেকশন অ্যান্ড টেস্টিং কমিশনিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আতিকুর রহমান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন প্রতিনিধি।
কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পাওয়ার গ্রিড বাংলাদেশের নির্বাহী পরিচালক (ওএন্ডএম) মো. আব্দুল মোনায়েম চৌধুরী।
অফিস আদেশ অনুযায়ী, প্রয়োজনে কমিটি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।
বিপর্যয়ের কারণ শনাক্ত ও প্রতিরোধে সুপারিশ
কমিটির কার্যপরিধিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে সংঘটিত আংশিক গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধান ও চিহ্নিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়ন এবং জাতীয় বিদ্যুৎ গ্রিডের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর বিপর্যয়ের কারণ ও ভবিষ্যৎ প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।



