এল ক্লাসিকোর আগে প্রতিপক্ষ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বার্সেলোনার মিডফিল্ডার গাভি। নিষেধাজ্ঞার কারণে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র খেলতে না পারলেও এতে বহুল প্রতীক্ষিত ম্যাচের প্রতিদ্বন্দ্বিতায় কোনো ঘাটতি হবে বলে মনে করেন না তিনি।
রোববার রাতে বার্সেলোনার মাঠে মুখোমুখি হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে নিষেধাজ্ঞার কারণে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে রিয়ালের জার্সিতে দেখা যাবে না ভিনিসিয়ুসকে। এর আগে মাঠে গাভির সঙ্গে একাধিকবার উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে গাভি জানান, ভিনিসিয়ুসের অনুপস্থিতিতে ম্যাচের আকর্ষণ কতটা কমবে, তা নিয়ে তিনি চিন্তিত নন। তার কাছে মূল বিষয় হলো রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই। প্রতিপক্ষের হয়ে কে খেলছেন, সেটি বড় বিষয় নয়; মাঠে নিজের সেরাটা দেওয়াই তার লক্ষ্য।
গাভির ভাষ্য, মাঠের বাইরে কোনো খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো হতে পারে, আবার কারও সঙ্গে মতবিরোধও থাকতে পারে। কিন্তু ম্যাচ শুরু হলে প্রতিপক্ষ দলের প্রত্যেক খেলোয়াড়ই তার কাছে প্রতিদ্বন্দ্বী।



