কুমিল্লার নাঙ্গলকোটে ১৪ বছরের কারাদণ্ড এড়াতে দীর্ঘ দুই দশক ধরে পালিয়ে বেড়িয়েও শেষ রক্ষা হয়নি মো. হুমায়ূন কবিরের। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রোববার (২৫ অক্টোবর) দুপুরে তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার হুমায়ূন কবির নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বড়া ফুলগাঁও গ্রামের মৃত আনু মিয়ার ছেলে।
নাঙ্গলকোট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেন জানান, শনিবার রাত ১০টার দিকে উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরশুরাম থানা পুলিশের সহযোগিতায় টেটেশ্বর বাজার এলাকায় পরিচালিত ওই অভিযানে হুমায়ূন কবিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নাঙ্গলকোট থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, হুমায়ূন কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দণ্ডবিধির ৩০৭ ও ৩২৬ ধারায় করা দুটি মামলায় তিনি ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত। সাজা এড়াতে গত ২০ বছর ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। অবশেষে পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।



