স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের আগে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, স্থানীয় নির্বাচন নিয়ে এখনো আশাব্যঞ্জক পরিস্থিতি দেখা যাচ্ছে না। নির্বাচনের আগে মাঠ সমতল করার চেষ্টা করবে জামায়াত। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলেই দলটি নির্বাচনে অংশ নেবে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলরুমে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, বিএনপির একজন অবসরপ্রাপ্ত ক্যাডারকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে একজন দলীয় ব্যক্তিকে কেন আনতে হবে, সে প্রশ্নও তোলেন তিনি।
জাতীয় সংসদের চিফ হুইপের বক্তব্যের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, সংসদের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা চিফ হুইপ নিজ এলাকায় গিয়ে বলেছেন, যেসব এলাকায় বিএনপির প্রার্থী বিজয়ী হবেন না, সেখানে কোনো বরাদ্দ দেওয়া হবে না। তাঁর ভাষায়, এটি লজ্জাজনক এবং এর মাধ্যমে আগেই জনগণকে ভয় দেখানো হচ্ছে।
তিনি বলেন, “নির্বাচনের আগে আমরা অবশ্যই মাঠ পরিষ্কার করার চেষ্টা করব। যখন লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা পাব, তখন নির্বাচনে অংশগ্রহণ করব।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ এবং সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি দেখা যাচ্ছে না বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তিসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে দাবি করছেন। তবে ‘আগের চেয়ে ভালো’ বলার মাপকাঠি কী, তা তিনি বুঝতে পারছেন না।
সভায় উপস্থিত ছিলেন যারা
মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী।
সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমদসহ স্থানীয় নেতারা।
এর আগে সকালে মৌলভীবাজার সার্কিট হাউসে পৌঁছালে জেলা জামায়াতের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা জামায়াতের নেতারা এবং ছাত্রশিবিরের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
এর আগে সকাল ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা তাঁকে অভ্যর্থনা জানান।
জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ জেলা শহর মৌলভীবাজারে এটি জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের প্রথম সফর। তাঁর সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিকেলে তাঁর রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।



