tanaka
প্রচ্ছদসারাদেশ‘ভালোবাসার চেয়ে বড় ধর্ম নেই’, সৌদিতে মৃত্যুদণ্ডের ঘটনায় ক্ষুব্ধ শ্রীলেখা

‘ভালোবাসার চেয়ে বড় ধর্ম নেই’, সৌদিতে মৃত্যুদণ্ডের ঘটনায় ক্ষুব্ধ শ্রীলেখা

ভালোবাসার সম্পর্কের জেরে সৌদি আরবে প্রবাসী নজরুল ও সুইটির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর মতে, ভালোবাসার চেয়ে বড় কোনো ধর্ম নেই। ধর্মের নামে মানুষের স্বাধীনতা, মানবাধিকার ও বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, ভালোবাসার কারণে কেন দুজন মানুষকে মৃত্যুর মুখে পড়তে হবে?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে নিজের প্রতিক্রিয়া জানান এই অভিনেত্রী। সেখানে ধর্মীয় উগ্রতা ও মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

শ্রীলেখার বক্তব্য, সব ধর্মের মূল শিক্ষা ভালোবাসা ও মানবিকতা। অথচ ধর্মের নামে ভয়, বিদ্বেষ ও সহিংসতা ছড়িয়ে মানুষের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন, মানুষের জীবন ও স্বাধীনতার অধিকারের ঊর্ধ্বে কোনো কিছু থাকতে পারে না বলে মনে করেন তিনি।

প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সমাজে ধর্মের নামে সংঘটিত নির্যাতনের বৈপরীত্য তুলে ধরে অভিনেত্রী লেখেন, ‘আমরা এআই ব্যবহার করছি, চ্যাটজিপিটি ব্যবহার করছি, রোবট তৈরি করছি, প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি করছি। অথচ আজও ধর্মের নামে মানুষের ভালোবাসা, স্বাধীনতা— এমনকি বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে!’

ইসলাম, হিন্দুধর্ম কিংবা খ্রিস্টধর্ম— যে ধর্মের পরিচয়েই মৌলবাদ ও ধর্মীয় উন্মাদনা ছড়ানো হোক না কেন, তিনি এর বিরোধিতা করেন বলে জানান। তাঁর মতে, ধর্মের নামে মানুষের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং মানবিক মূল্যবোধ রক্ষা করা জরুরি।

‘প্রতিবাদ কি সামাজিক মাধ্যমের পোস্টেই সীমাবদ্ধ থাকবে?’

নিজের মতপ্রকাশ কিংবা ভালোবাসার জন্য তরুণ-তরুণীদের জীবন দিতে হবে কেন, সেই প্রশ্নও তুলেছেন শ্রীলেখা। সৌদি আরব, ইরানসহ বিশ্বের যেকোনো স্থানে মানুষের স্বাধীনতা ও জীবনের অধিকার লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে প্রতিবাদ কতটা কার্যকর হচ্ছে, তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি।

অভিনেত্রীর প্রশ্ন, এমন ঘটনাগুলোর প্রতিবাদ কি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্ট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? নাকি মানুষের অধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন?

স্ট্যাটাসে নিজের অনুভূতি তুলে ধরে শ্রীলেখা জানান, এ ধরনের ঘটনা তাঁকে গভীরভাবে নাড়া দেয়। অন্য অনেকের মতো দ্রুত সবকিছু ভুলে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া তাঁর পক্ষে সহজ নয়।

নিজেকে ‘ওল্ড সোল’ বা পুরোনো আত্মার মানুষ হিসেবে উল্লেখ করে অভিনেত্রী বলেন, পৃথিবীর নিষ্ঠুরতা ও মানুষের প্রতি মানুষের আচরণ তাঁকে অন্যদের তুলনায় বেশি যন্ত্রণা দেয়।

ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ভালোবাসা, স্বাধীনতা ও মানবিক মর্যাদাকে গুরুত্ব দেওয়ার আহ্বানই উঠে এসেছে শ্রীলেখা মিত্রের এই বক্তব্যে।