tanaka
প্রচ্ছদসারাদেশঅপ্রতিম হত্যা: চার সিসিটিভিতে মিলল হত্যার আগের গতিবিধির তথ্য

অপ্রতিম হত্যা: চার সিসিটিভিতে মিলল হত্যার আগের গতিবিধির তথ্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছরের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। একটি আসামিকে গ্রেপ্তারের পর তার মোবাইল ফোনে আসা কয়েকটি সন্দেহজনক কল ও বার্তার সূত্র ধরে তদন্ত এগিয়ে নেয় পুলিশ। পরে বিভিন্ন এলাকার চারটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপ্রতিমকে বাসা থেকে বের করে নিয়ে যাওয়ার ঘটনাপ্রবাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে অপ্রতিম হত্যার ঘটনায় শোক প্রকাশ ও দ্রুত তদন্তের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে মানববন্ধন করে শিক্ষক সমিতি। সেখানে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শীলা সহকর্মী ড. নাহিদা বেগমের প্রতি সমবেদনা জানান এবং তদন্তের সর্বশেষ অগ্রগতির কথা তুলে ধরেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার দিন শুক্রবার অপ্রতিম বাসাতেই ছিল। তাকে বাইরে বের করে আনতে অভিযুক্ত তুহিন তার মোবাইলে একাধিক বার্তা পাঠায়। বারবার বাইরে আসার জন্য তাকে প্রলুব্ধ করা হয়। একপর্যায়ে অপ্রতিমের কাছে থাকা দামি আইফোন দিয়ে টিকটকের ভিডিও ও ছবি তোলার কথা বলা হয়।

এই প্রস্তাবে সাড়া দিয়ে বেলা আড়াইটার দিকে অপ্রতিম মায়ের মোবাইল ফোন সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়। স্বজনদের ধারণা ছিল, সে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বা ছবি তুলতে বাইরে গেছে। কিন্তু এরপর আর সে জীবিত অবস্থায় বাড়িতে ফেরেনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিকেল ৩টা থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে তুহিনের সঙ্গে অপ্রতিমের দেখা হয়। এরপর তাদের একসঙ্গে বিভিন্ন স্থানে চলাচলের দৃশ্য অন্তত চারটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে দুজনকে পাশাপাশি হাঁটতে ও কথা বলতে দেখা যায়। তাদের মধ্যে তখন কোনো অস্বাভাবিক আচরণও চোখে পড়েনি বলে তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন।

একটি সিসিটিভি ফুটেজে অপ্রতিম ও তুহিনের পেছনে আরও দুজনকে হাঁটতে দেখা যায়। পরবর্তী আরেকটি ফুটেজে চারজনকে একসঙ্গে দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে।

তদন্তে জানা গেছে, পরে তারা লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গলের দিকে যায়। মূল সড়ক থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে আঁকাবাঁকা কাঁচা রাস্তা পেরিয়ে ওই স্থানে যেতে হয়। পুলিশ সূত্রের পাওয়া একটি ফুটেজেও অপ্রতিম ও তুহিনকে পাশাপাশি পাহাড়ের পথ ধরে এগিয়ে যেতে দেখা যায়।

তদন্তকারীদের ধারণা, নির্জন ওই এলাকায় পৌঁছানোর পর আরও দুই কিশোর তাদের সঙ্গে যোগ দেয়। বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে সেখানে অপ্রতিমের আইফোনটি নেওয়ার চেষ্টা করা হয়। তবে অপ্রতিম ফোনটি দিতে অস্বীকৃতি জানিয়ে তা ধরে রাখে। এ সময় তার সঙ্গে অভিযুক্তদের ধস্তাধস্তি শুরু হয়।

পুলিশের তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, একপর্যায়ে তুহিন পাশ থেকে একটি বাঁশের লাঠি নিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করে। পরে অন্যরাও তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই কিশোরটির মৃত্যু হয় বলে তদন্তে উঠে এসেছে। এরপর তার মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে আইফোনটি নিয়ে অভিযুক্তরা চলে যায় বলে পুলিশ জানিয়েছে।

এদিকে সিয়াম নামে আরেক তরুণ ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না বলে তদন্তে পাওয়া তথ্যের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ঘটনার সময় তিনি আশপাশে অবস্থান করে পাহারা বা অন্য কোনো সহায়তা করেছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে ও ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তকারীরা জানিয়েছেন, হত্যাকাণ্ডের স্থানটি অত্যন্ত নির্জন। ফলে বাইরে থেকে সেখানে কোনো ঘটনা ঘটলেও সহজে তা টের পাওয়ার সুযোগ ছিল না।

অপ্রতিমের মরদেহে মাথায় গুরুতর আঘাতের চিহ্নের পাশাপাশি আরও কয়েকটি ক্ষত পাওয়া গেছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, এসব ক্ষতের কিছু মৃত্যুর পরও তৈরি হয়ে থাকতে পারে। রাতে শিয়াল মরদেহটি টানাটানি করেছিল বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রতিবেদন ও ফরেনসিক পরীক্ষার ফলাফলও পর্যালোচনা করছে পুলিশ।