tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকসৌদিতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, রেড অ্যালার্ট জারি

সৌদিতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, রেড অ্যালার্ট জারি

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রঝড় ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। বৃহস্পতিবারের সতর্কবার্তায় বজ্রপাত, শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

জাতীয় আবহাওয়া কেন্দ্রের দৈনিক পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা, মক্কা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এতে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং ধুলা-বালু উড়িয়ে নেওয়ার মতো শক্তিশালী বাতাসও বয়ে যেতে পারে।

মক্কা অঞ্চলের তাইফ, আল কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মদিনা অঞ্চলের আল আইস, আল মাহদ, বদর ও পার্শ্ববর্তী এলাকায় মাঝারি বৃষ্টির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। এ ছাড়া রাবিঘ, জেদ্দা, আল খুরমাহসহ মক্কার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি ও ধুলিঝড়ের আশঙ্কায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, উত্তর সীমান্ত অঞ্চল ও জাজানের কিছু এলাকা, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রিয়াদ অঞ্চলের দক্ষিণাংশেও বজ্রসহ বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। সক্রিয় বাতাসের কারণে এসব এলাকায় আবহাওয়া আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

এদিকে পূর্ব সৌদি আরবের উপকূলীয় এলাকায় রাত ও ভোরের দিকে কুয়াশা দেখা দিতে পারে। ফলে কিছু এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশটির বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে। পূর্বাভাস অনুযায়ী, মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। দাম্মামে ৪৬ এবং রিয়াদ ও বুরাইদাহে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে।

বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে আকস্মিক বন্যাপ্রবণ এলাকা, উপত্যকা ও জলধারার কাছাকাছি অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: গালফ নিউজ