পিরোজপুরের কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) বিকেলে কাউখালী উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলক কর্মকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কাউখালী থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, অলক কর্মকার দীর্ঘদিন ধরে কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলক কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।’



