tanaka
প্রচ্ছদসারাদেশচট্টগ্রামে চাঁদাবাজি-সন্ত্রাসে আতঙ্ক, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

চট্টগ্রামে চাঁদাবাজি-সন্ত্রাসে আতঙ্ক, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

চট্টগ্রাম নগরীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সর্বশেষ, একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মালিকের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দেওয়ায় সোমবার দুপুরে নগরীর চকবাজার থানার চন্দনপুরা এক্সেস রোডে অবস্থিত ওই প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ও ভাঙচুর চালানো হয়। হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ব্যবসায়ীদের দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগে একই এলাকায় এক শিল্পপতির বাড়ি লক্ষ্য করে চাঁদার দাবিতে দুই দফা গুলিবর্ষণের ঘটনাও ঘটে। তাদের অভিযোগ, নগরীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ অপরাধী চক্র বিত্তশালী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের টার্গেট করে চাঁদা দাবি, হুমকি এবং হামলার মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্টদের ভাষ্য, গত বছরের ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজির প্রবণতা বাড়তে শুরু করলেও বর্তমানে পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নিয়েছে। অনেক ব্যবসায়ী নিরাপত্তাহীনতার কারণে প্রকাশ্যে মুখ খুলছেন না। কেউ ব্যবসা গুটিয়ে নিচ্ছেন, আবার কেউ বাধ্য হয়ে চাঁদা দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রাণনাশের আশঙ্কা কিংবা কাঙ্ক্ষিত আইনি সহায়তা না পাওয়ার ভয়ে অনেকেই থানায় অভিযোগও করছেন না বলে অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিরুল হক এ ধরনের হামলা ও চাঁদাবাজিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দ্রুত দমন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, অভিযোগ পাওয়া মাত্রই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চন্দনপুরার হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, অভিযোগ না পেলে অনেক ক্ষেত্রেই আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের দাবি, বিদেশে অবস্থানরত পলাতক এক শীর্ষ সন্ত্রাসীর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে। এছাড়া বিভিন্ন এলাকায় ছোট ছোট অপরাধী গ্রুপও সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, চকবাজার, চন্দনপুরা, বহদ্দারহাট, নাসিরাবাদ শিল্প এলাকা, বায়েজিদ বোস্তামী, অক্সিজেন, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, ইপিজেডসহ নগরীর বিভিন্ন স্থানে ব্যবসায়ী, শিল্পপ্রতিষ্ঠান ও নির্মাণকাজকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সরকারি দপ্তরের টেন্ডার প্রক্রিয়াতেও অপরাধী চক্রের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে।

সোমবার হামলার ঘটনায় অভিযুক্ত ডেভিড ইমন ফোনে এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলার সময় পুলিশ কমিশনারের নাম উল্লেখ করে নিজের প্রভাবের কথা বলেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ বিষয়ে সিএমপি কমিশনার বলেন, ডেভিড ইমন পলাতক শীর্ষ সন্ত্রাসীর সহযোগী এবং তাকে গ্রেপ্তারে একাধিক অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, ওই পলাতক সন্ত্রাসীকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি রয়েছে।

ভুক্তভোগী কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, বিভিন্ন সময় তাদের কাছে কোটি কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। তারা বলছেন, ব্যবসা পরিচালনা এবং নিয়মিত কর পরিশোধ করা ছাড়া তাদের কোনো অপরাধ নেই। তাই নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

এদিকে, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) চট্টগ্রাম বিভাগ। সংগঠনের আহ্বায়ক রাজিব শাহরিয়ার বলেন, চাঁদার দাবিকে কেন্দ্র করে আইএসপি প্রতিষ্ঠানে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি পুরো খাতের নিরাপত্তার জন্য হুমকি। পরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন আইএসপি খাতের কর্মকর্তা-কর্মচারীরা।