tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকবিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহের শঙ্কা, সতর্ক করল জাতিসংঘ

বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহের শঙ্কা, সতর্ক করল জাতিসংঘ

বিশ্বজুড়ে তাপমাত্রা আরও বৃদ্ধি এবং চরম আবহাওয়ার ঘটনা বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা। সম্ভাব্য শক্তিশালী এল নিনো পরিস্থিতির জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এক পূর্বাভাসে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, চলতি বছরে মাঝারি থেকে শক্তিশালী মাত্রার এল নিনো দেখা দিতে পারে। এর প্রভাবে আগামী কয়েক মাসে বৈশ্বিক তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ডব্লিউএমওর তথ্য অনুযায়ী, এল নিনো হলো মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার পর্যায়ক্রমিক উষ্ণায়ন, যা সাধারণত ৯ থেকে ১২ মাস স্থায়ী হয়। বর্তমানে সমুদ্রের অস্বাভাবিক উষ্ণ পানি এল নিনোর বিকাশকে আরও ত্বরান্বিত করছে।

সংস্থাটি বলছে, জুন থেকে আগস্ট পর্যন্ত বিশ্বের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, এল নিনো অন্তত নভেম্বর পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।

তবে এর তীব্রতা কতটা হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন আবহাওয়া মডেলে ভিন্ন ভিন্ন পূর্বাভাস পাওয়া গেলেও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাউলো বলেন, “সম্ভাব্য শক্তিশালী এল নিনোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এটি খরা ও অতিবৃষ্টির পরিস্থিতিকে আরও তীব্র করতে পারে এবং স্থলভাগ ও সমুদ্রে তাপপ্রবাহের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।”

বিশেষজ্ঞদের মতে, এল নিনো বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলে। এর ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চল, যুক্তরাষ্ট্রের কিছু অংশ, আফ্রিকার হর্ন অঞ্চল এবং মধ্য এশিয়ার কয়েকটি এলাকায় বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে অস্ট্রেলিয়া, মধ্য আমেরিকা, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে খরার ঝুঁকি বাড়তে পারে।

ডব্লিউএমও আরও জানিয়েছে, এল নিনোর প্রভাবে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবণতাও বৃদ্ধি পেতে পারে।

সেলেস্তে সাউলো স্মরণ করিয়ে দেন, ২০২৩-২৪ সালের শক্তিশালী এল নিনো ২০২৪ সালকে ইতিহাসের উষ্ণতম বছর হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

তার মতে, বাড়তি তাপমাত্রার পাশাপাশি আরও নানা ঝুঁকি তৈরি হতে পারে। মশা ও অন্যান্য বাহকনির্ভর রোগের বিস্তার বাড়তে পারে, সংকুচিত হতে পারে খাদ্য ও বিশুদ্ধ পানির সরবরাহ। ফলে আগে থেকেই ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীগুলো আরও বেশি চাপের মুখে পড়বে।

বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক অস্থিরতার কারণে মূল্যস্ফীতির চাপ যখন বিদ্যমান, তখন এল নিনোর প্রভাবে কৃষি উৎপাদন ব্যাহত হলে খাদ্যপণ্যের দাম আরও বেড়ে যেতে পারে।

বিভিন্ন দেশের আবহাওয়া সংস্থা ইতোমধ্যে গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনোর সম্ভাবনার কথা জানিয়েছে। তবে ডব্লিউএমও এ বিষয়ে তুলনামূলক সতর্ক অবস্থান নিয়েছে।

সংস্থাটির পর্যবেক্ষণে দেখা গেছে, ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের গভীর স্তরে অস্বাভাবিক উষ্ণতা সৃষ্টি হয়েছে। সেখানে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি রয়েছে। এই অতিরিক্ত তাপ সমুদ্রে একটি বিশাল ‘তাপভাণ্ডার’ তৈরি করেছে, যা এল নিনোর শক্তি আরও বাড়িয়ে তুলছে।

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এল নিনো পরিস্থিতিকে চলমান জলবায়ু সংকটের আরেকটি স্পষ্ট সতর্কসংকেত হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, “এটি আমাদের আবারও মনে করিয়ে দেয় যে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়া জরুরি।”

গুতেরেসের ভাষায়, “এল নিনোকে একটি জরুরি জলবায়ু সতর্কবার্তা হিসেবে বিবেচনা করতে হবে। উষ্ণ হয়ে ওঠা পৃথিবীর আগুনে এটি আরও জ্বালানি যোগ করবে।”

সূত্র: রয়টার্স